সবুজ সরদার স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলার চর আড়িয়ারা গ্ৰামের এক পুকুর পাড় থেকে মো: তাজিম মোল্যা (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তাজিম মোল্লা সৌদি প্রবাসী মোঃ শহিদুল মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তাজিম ও তার বন্ধুদের নিয়ে স্থানীয় একটি দোকানে ক্যারামবোর্ড খেলতে যায়। খেলা শেষে সে আর বাড়ি ফেরেনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
রোববার সকালে বাড়ির অদূরে হবি মৃধার বাড়ির পাশের পুকুরপাড়ে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি তাজিম মোল্লার বলে শনাক্ত করেন।
ঘটনার পর স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাজিমের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, রাতে তারা একসঙ্গে ডাব চুরি করতে যায়। এসময় গাছে ওঠা অবস্থায় তাজিম নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান তারা।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) তারোক বিশ্বাস বলেন, “তাজিম মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”
ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি—তাদের ছেলের মৃত্যুর ঘটনা রহস্যজনক। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।