চলতি জুলাই মাসের প্রথম ৩০ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৮ হাজার ৮৮৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, আগের বছরের (২০২৪ সাল) জুলাইয়ের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫৭ কোটি ৪০ লাখ ডলার বা ৩২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার।
গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার এবং জুনে ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার।
গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ৯, ২০২৫ ইং | ০৫:২২:৫৭ পিএম
- ২৬১ বার পঠিত
- শেয়ার করুনঃ
বাংলাদেশের গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১০ কোটি ডলার (প্রায় এক হাজার কোটি টাকা) ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে অবস্থিত গ্রামীণ ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই ঋণ দেবে সংস্থাটি, যা একটি প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে ইআরডি কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এডিবির বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম-সাইজড এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট প্রজেক্ট (ফেজ-২)’ নামের এ প্রকল্পের আওতায় ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ১৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এডিবির এই প্রকল্প ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায় জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করতে সহায়তা করবে এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে উৎসাহ দেবে, যার মাধ্যমে নতুন বাজার সৃষ্টি ও রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এতে আরও বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে অবস্থিত উদ্যোক্তারা ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত—এই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে গ্রামীণ এলাকায় টেকসই ও বাণিজ্যিকভাবে কার্যকর ক্ষুদ্র উদ্যোক্তাদের সংখ্যা ও আকার বৃদ্ধি পাবে।
প্রকল্পের আওতায় ৯ লাখ ৫০ হাজার ডলারের কারিগরি সহায়তাও দেওয়া হবে, যাতে বাংলাদেশ ব্যাংক ও অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা যায়। এ ছাড়া নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণ ও আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়াতে প্রশিক্ষণ মডিউল তৈরি, ওয়ার্কশপ আয়োজন, সবুজ অর্থায়ন এবং ভ্যালুচেইন-ভিত্তিক অর্থায়ন পরিকল্পনা তৈরি করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, বাংলাদেশ অর্থনীতিকে বৈচিত্র্যময় ও টেকসই রূপান্তরে কাজ করছে। এই প্রক্রিয়ায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতের বিকাশই হবে দারিদ্র্য হ্রাস, আঞ্চলিক বৈষম্য কমানো এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার মূল চাবিকাঠি।
তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিশেষ করে নারীদের মালিকানাধীন গ্রামীণ উদ্যোক্তারা দীর্ঘমেয়াদি মূলধনের সহজলভ্যতা পাবেন। পাশাপাশি তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কারিগরি সক্ষমতাও বাড়ানো হবে।
উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক বর্তমানে ৬৯টি দেশের মালিকানাধীন। প্রতিষ্ঠানটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন খাতে সহায়তা দিচ্ছে।
স্বর্ণের পর রুপার দামেও নতুন ইতিহাস
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ৯, ২০২৫ ইং | ০৫:১২:১৩ পিএম
- ২৫৯ বার পঠিত
- শেয়ার করুনঃ
বিশ্ববাজারে স্বর্ণের দামে একের পর এক রেকর্ড হচ্ছে। এবার রুপার দামেও নতুন রেকর্ড হয়েছে। বুধবার (৮ অক্টোবর) প্রতি আউন্স স্পট রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৫৭ ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ। মূল্যবান ও শিল্প-দুই খাতেই ব্যবহৃত এই ধাতুটির দাম চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ বেড়েছে। এটি ২০১০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
একই দিনে স্বর্ণের দামও প্রথমবারের মতো ৪ হাজার ডলার প্রতি আউন্সের সীমা ছাড়ায়। তামার দামও পৌঁছে যায় ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম রয়টার্স।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ তালিকায় রুপা যুক্ত হওয়ায় সম্ভাব্য শুল্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এর প্রভাবে গত সপ্তাহে কোমেক্সের শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
লন্ডন বুলিয়ান মার্কেট অ্যাসোসিয়েশনের (এলবিএমএ) তথ্যানুযায়ী, সেপ্টেম্বরের শেষে লন্ডনের ভল্টে ছিল ২৪ হাজার ৫৮১ টন রুপা, যার মূল্য প্রায় ৩৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ কিনতে লাগে ৮২ আউন্স রুপা; যা গত এপ্রিলে ছিল ১০৫ আউন্স। এতে বোঝা যাচ্ছে, স্বর্ণের মতো রুপার দামও দ্রুত বাড়ছে।
ওএএনডিএর বিশ্লেষক জাইন ভাওদা জানিয়েছেন, অনেক খুচরা বিনিয়োগকারী রুপাকে এখন নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন। এতে রুপার চাহিদা বাড়ছে এবং দামও ঊর্ধ্বমুখী হচ্ছে। সরবরাহ সংকট ও শিল্প খাতে চাহিদা বাড়ার কারণে আগামী ছয় মাসে রুপার দাম ৫৫ ডলার প্রতি আউন্সে পৌঁছাতে পারে।
চলতি বছর যুক্তরাষ্ট্রের কোমেক্স গুদামে বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে, যা লন্ডনের স্পট মার্কেটেও তারল্য সংকট তৈরি করেছে-আর এটি রুপার দাম আরও বাড়িয়েছে।
এইচএসবিসির বিশ্লেষক জেমস স্টিল জানান, মার্কিন আমদানি শুল্কের আশঙ্কায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এতে লন্ডন স্পট ও নিউইয়র্ক ফিউচার দামের মধ্যে বড় পার্থক্য তৈরি হয়, যার ফলে নিউইয়র্কে স্বর্ণ ও রুপা স্থানান্তর লাভজনক হয়ে ওঠে।
এনবিআর সদস্য বেলালকে সরিয়ে প্রজ্ঞাপন
- নিউজ প্রকাশের তারিখ : অক্টোবর ৮, ২০২৫ ইং | ০৫:২৫:০৯ পিএম
- ২৮৪ বার পঠিত
- শেয়ার করুনঃ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাকে সরানো হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
এতে বলা হয়, এনবিআরের সদস্য বেলাল হোসাইনকে আপিল ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে।
প্রায় ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মঙ্গলবার (৭ অক্টোবর) বেলাল হোসাইনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামান কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, বেলাল হোসাইন তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের ‘তথ্য গোপন’ করেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ‘দুর্নীতির মাধ্যমে’ এসব সম্পদ অর্জন করলেও তা প্রকাশ না করে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য’ দিয়েছেন। বেলাল হোসাইন জ্ঞাত ‘আয়বহির্ভূত’ মোট ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।
শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ০৬:০৪:১৫ পিএম
- ২০৮ বার পঠিত
- শেয়ার করুনঃ
পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) গোপন খবরের ভিত্তিতে এই লকার জব্দ করা হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে। লকারের নম্বর দুটি হলো ৭৫১ ও ৭৫৩।
কর ফাঁকি দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এই দুটি লকার জব্দ করা হয় বলে জানিয়েছে ওই সূত্র।
এর আগে ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করেছিল এনবিআর সিআইসি। সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ১২৮ নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা তিনটি লকার জব্দ করা হলো।
পূবালী ব্যাংক জানিয়েছিল, গত ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪ অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকারও জব্দ করা হয়েছিল।
এনবিআর সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর আছে। আরেকটি হিসাবে ৪৪ লাখ টাকা পাওয়া গেছে। এসব হিসাব এখন জব্দ করা হয়েছে। টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে এনবিআরের গোয়েন্দা সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার ও হিসাব জব্দ করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে।
এর অংশ হিসেবে এনবিআর শেখ হাসিনার লকার জব্দ করেছে।
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ
- নিউজ প্রকাশের তারিখ : সেপ্টেম্বর ২, ২০২৫ ইং | ০১:৪৪:১৭ পিএম
- ২৪৩ বার পঠিত
- শেয়ার করুনঃ
চলতি সেপ্টেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর)। এদিন এক মাসের জন্য এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে।
সোমবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বিইআরসির নির্দেশনা সোমবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
এর আগে, গত ৩ আগস্ট ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমানো হয়েছে। বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা। রোববার (০৩ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্যের ঘোষণা দিয়েছে। সন্ধ্যা থেকে এ দাম কার্যকর হবে।
বিইআরসি জানায়, গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। এ গ্যাস প্রতি লিটারে চার টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ জুলাই ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয়। ওই সময়ে ১২ কেজির দাম ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া অটোগ্যাসের দামও ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
গত জুন মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস ১২ কেজি সিলিন্ডারের মূল্য ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ থেকে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, এলপি গ্যাসের পাশাপাশি প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়। নতুন এ দাম ১ জুন ২০২৫ থেকে কার্যকর হয়।