ঘাঘা মধ্যপাড়ায় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ
মনির খান স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা মধ্যপাড়া গ্রামে মাদকাসক্ত প্রতিবেশীর ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিতে অতিষ্ঠ হয়ে এক নারী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ডায়েরিকারী মোছাঃ হাফিজা হক (ডলি)৫৪, পিতা নজিবুল হক ফকির। স্থায়ী ঠিকানা ঘাঘা মধ্যপাড়া, বর্তমান ঠিকানা কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্ৰামে।
লোহাগড়া থানায় দাখিলকৃত সাধারণ ডায়েরিতে হাফিজা হক (ডলি) উল্লেখ করেন, তার প্রতিবেশী মোঃ নুর মোহাম্মদ ওরফে চাঁদ মিয়া, ৩০ পিতা নুরুল শেখ, সাং ঘাঘা মধ্যপাড়া দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। মাদকাসক্তির জের ধরে বিবাদীর সাথে তার পারিবারিক বিরোধ চলে আসছে।
বিরোধের জের ধরে বিবাদী বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে আসছে। সর্বশেষ গত ১২ জুন ২০২৬ সন্ধ্যা অনুমান ৭:৩০টার দিকে বিবাদী তার বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
হাফিজা হক (ডলি) ডায়েরিতে আশঙ্কা প্রকাশ করেন, বিবাদী মাদকাসক্ত ও উগ্র মেজাজের হওয়ায় যেকোনো সময় তার বড় ধরনের শারীরিক ক্ষতি করতে পারে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার সাক্ষী হিসেবে মোঃ আব্দুল্লাহ শেখ ও শেখ আলমগীর কবির, উভয় সাং ঘাঘা মধ্যপাড়ার নাম উল্লেখ করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ বলেন, “ঘাঘা মধ্যপাড়ার এক নারীর আবেদনের ভিত্তিতে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি স্থানীয় বিট পুলিশ অফিসারকে তদন্তের জন্য বলা হয়েছে। বিবাদীকে সতর্ক করা হবে এবং উভয়পক্ষকে আইন নিজের হাতে না তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ডায়েরির আলোকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী জানান, ঘাঘা মধ্যপাড়ায় মাদকসেবীর উৎপাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। পুলিশের নিয়মিত নজরদারি ও মাদকবিরোধী অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
চিত্রাবাণী ডেস্ক