ঢাকা | বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের অবিশ্বাস্য রেকর্ড

  • প্রকাশের তারিখ : অক্টোবর ৪, ২০২৫ ইং | ০৬:০৭:৩১ পিএম
  • ১৮৮ বার পঠিত
  • শেয়ার করুনঃ
ad728

শেষের দুই ওভারে কিছুটা রান দিলেও, টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে উইকেটহীন ছিলেন তিনি, ৪ ওভারে দেন ৪০ রান। কিন্তু সেই ম্যাচেই সাতটি ডট বল ফেলে গড়েছেন নতুন রেকর্ড—টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে সবচেয়ে বেশি ডট বলের মালিক এখন এই কাটার মাস্টার।

বাংলাদেশের এই বামহাতি পেসার এখন পর্যন্ত ১,১৪২টি ডট বল করেছেন ১২০ ইনিংসে, যা তাঁর বলের ৪৩.৬৫ শতাংশ। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের টিম সাউদিকে (১,১৩৮)।

এই তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান (১,০৭৮), এরপর ইংল্যান্ডের আদিল রশিদ (৯৮৮) এবং আফগানিস্তানের রশিদ খান (৯৮৪)।

যদিও রশিদ খান এই তালিকায় সবচেয়ে কম ইকোনমির বোলার (৬.১২), পাশাপাশি তিনি সর্বোচ্চ উইকেটশিকারিও—১৭৯ উইকেট নিয়ে। মোস্তাফিজের সংগ্রহ ১৫২ উইকেট, ইকোনমি রেট ৭.৩২।

তালিকার বাইরে থাকলেও বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদও আছেন কাছাকাছি। তিনি ৮৩৮টি ডট বল করে রয়েছেন ১১ নম্বরে, যার ডট রেট ৪৭.৭৪ শতাংশ—এই ফরম্যাটে দারুণ দক্ষতার প্রমাণ।

বোলিংয়ে মোস্তাফিজ হয়তো আগের মতো ধারাবাহিকভাবে ‘কাটার ম্যাজিক’ দেখাতে পারছেন না, কিন্তু ‘ডট বলের রাজা’ হিসেবে যে তিনি এখনও বিশ্বের অন্যতম সেরা, তা এই রেকর্ডে আরও একবার প্রমাণিত হলো।


সবার আগে সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করুন।

কমেন্ট বক্স