এদিকে দ্যা টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, সুলতানের চুল কাটার জন্য তার নিজের মালিকানাধীন ব্রিটেনের দ্য ডরচেষ্টার হোটেলের একজন নাপিত নিয়মিত বিমানের প্রথম শ্রেণীতে চেপে উড়ে যান ব্রুনেই। বিমান ভাড়া এবং অন্যান্য খরচ বাদে তার পারিশ্রমিক ২০ হাজার মার্কিন ডলার এবং ওই নাপিতকে প্রতিবার নগদ অর্থে পারিশ্রমিক প্রদান করা হয়। জানা গেছে, পোলো খেলার শখ রয়েছে সুলতানের। সেই কারণে ২২০টি ঘোড়াও পোষেন তিনি। ঘোড়াগুলো পরিচর্যার জন্য একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল রয়েছে প্রাসাদ চত্বরে।
১৯৪৬ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন হাসানাল। ব্রুনেইয়ের দায়িত্ব কাঁধে নেওয়ার আগে নিজেদের প্রাসাদেই প্রাথমিক শিক্ষা নেন সুলতান। পরে অবশ্য উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে ভর্তি হন তিনি। এরপর যুক্তরাজ্যের রয়্যাল একাডেমী থেকে স্নাতক অর্জন করেন। ২০১২ সালের হিসাব অনুযায়ী হাসানাল বলকিয়ার তিন স্ত্রী, পাঁচ ছেলে এবং সাত মেয়ে রয়েছে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী তাঁর ২০ জন নাতি-নাতনিও রয়েছে। প্রতি সেকেন্ডে ব্রুনাইয়ের সুলতানের আয় ১০০ মার্কিন ডলার। তেল সম্পদ ও বিনিয়োগ থেকেই তার এ আয়। এদিকে সুলতান হিসেবে ব্রুনাইয়ে তিনি খুব জনপ্রিয়। সে দেশের কোনো নাগরিককে ট্যাক্স দিতে হয় না বলেই তার এ জনপ্রিয়তা।
রানি দ্বিতীয় এলিজাবেথের পর তিনিই বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা সুলতান। সুলতান গান শুনতে পছন্দ করেন। ১৯৯৬ সালে তার ৫০তম জন্মদিন উপলক্ষে ব্রুনাইয়ে মাইকেল জ্যাকসনের কনসার্ট আয়োজন করেন। এজন্য মাইকেল জ্যাকসনকে তিনি দিয়েছিলেন ১৭ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালের ৫ অক্টোবর শাসনকালের ৫৭ বছর পূর্তি উৎসব পালন করেছেন তিনি।